মোদিকে ফোন, ভারতে আসছেন না পুতিন

ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন তিনি।
জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে দিল্লিকে।

ইতোমধ্যে প্রস্তুতি অনেকটা গুছিয়ে এনেছে মোদি সরকার। ইউক্রেনে হামলা নিয়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও অংশ নেননি পুতিন। টেলিফোনে প্রেসিডেন্ট পুতিন মোদিকে বলেছেন, তার বদলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

ভারত জানিয়েছে, ফোনালাপে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

রুশ সরকারের একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছিলেন, শিডিউল ব্যস্ততার কারণে তিনি এবার সম্মেলনে অংশ নিচ্ছেন না।

আগামী সেপ্টেম্বরে জি-২০’র অন্তর্ভুক্ত ১৯ দেশের নেতারা বৈঠকে যোগ দিতে ভারতে আসবেন। সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আলোচনায় প্রাধান্য পেতে পারে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও উপস্থিত থাকবেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads