উড়োজাহাজের জরুরি অবতরণ, সৌদি আরবকে ইসরাইলি প্রধানমন্ত্রীর ধন্যবাদ

ইসরায়েলের ওই উড়োজাহাজ ভারত মহাসাগরের সেশেলস থেকে তেল আবিবে ফিরছিল। এয়ারবাস এ৩২০ মডেলের এইচএম২২ উড়োজাহাজে ১২৮ আরোহী ছিলেন। লোহিত সাগরের ওপর থাকা অবস্থায় উড়োজাহাজটির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়।

পরে উড়োজাহাজটি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান উড়োজাহাজের ১২৮ আরোহী। এ ঘটনায় সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ঘটনাটি গত সোমবার রাতের। যাত্রীরা ওই রাতে জেদ্দা বিমানবন্দরের হোটেলে অবস্থান করেন বলে জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকল্প উড়োজাহাজে সবাইকে তেল আবিবে ফিরিয়ে আনা হয়।

উড়োজাহাজের আরোহীরা তেল আবিবে পৌঁছানোর পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জরুরি প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান তিনি।

তবে এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads