যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় আঘাত হেনেছে সাইক্লোন ইডালিয়া, নিহত ৩
মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন ইডালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই ঝড়ে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার অনেক এলাকা সাইক্লোনের প্রভাবে সৃষ্ট হওয়া জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় ধ্বংসলীলা চালানোর পর বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে চলে যায়। সেখানে ঝড়টির কারণে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
ফ্লোরিডায় সাইক্লোন ইডালিয়ার ক্ষয়ক্ষতি খঁতিয়ে দেখার পাশাপাশি জর্জিয়ায় পানিবন্দি মানুষকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে এবং সাধারণ মানুষের বাড়ি-ঘর তলিয়ে গেছে। এই সাইক্লোনের আঘাতের এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর কথা জানা গেছে।
উদ্ধারকারীরা জর্জিয়ার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করেছেন। মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় এই সাইক্লোনটি সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় সাইক্লোন সেন্টার।
সাইক্লোনটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের কারণে জর্জিয়ায় বন্যা ও ভূমিধসের আশংকা করা হচ্ছে। এই ঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি