ব্যাপক সমালোচনার মুখে ইমরান খান ব্রিটিশ আইনজীবীর নিয়োগ বাতিল করলেন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী এক টুইটে ঘোষণা করেন, তাকে ‘অবৈধ আটক এবং মানবাধিকার লঙ্ঘনের’ বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লড়াই করার জন্য মানবাধিকার বিষয়ক বিশিষ্ট আইজীবী জিওফ্রে রবার্টসন কেসিকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরই গণমাধ্যমে শুরু হয় সমালোচনা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিওটিভি।
সমালোচনার মুখে পড়ে কয়েক ঘণ্টার মধ্যেই টুইটটি মুছে ফেলা হয় এবং যুক্তরাজ্যের এই আইনজীবীর নিয়োগ বাতিল করা হয়।
ব্যারিস্টার জিওফ্রে রবার্টসন এর আগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদির হয়ে লড়েছেন।
ইসলামাবাদের একটি সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, ইমরান খান আইনজীবী রবার্টসনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন ওমর আইয়ুব খান, জুলফি বুখারি এবং পাকিস্তানে তার আইনজীবীদের পরামর্শে। তিনি যুক্তরাজ্যের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গেও পরামর্শ করেছিলেন।
ইমরান খানের বিদেশি আইনজীবী নিয়োগের খবরটি এমন সময়ে আসে, যখন তিনি গোপন তারবার্তা ও সরকারি নথি ফাঁসের অভিযোগে কারাগারে রয়েছেন।
গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গত ২৯ আগস্ট এই দণ্ড স্থগিত করা হয়। কিন্তু তাকে তারবার্তা ফাঁসের মামলায় আটকে রাখা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে এ অভিযোগে বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি