ব্যাংক চুরিতে ব্যর্থ: চিরকুটে লিখে গেলেন ‘ভালো ব্যাংক’

 চেষ্টা করেও শেষ পর্যন্ত চুরি করতে ব্যর্থ হয়ে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে গেলেন এক চোর। চুরি করতে ব্যাংকের ভেতরে ঢুকলেও লকারই খুলতে পারেনি সেই চোর। শেষে একটি চিরকুট লিখে রেখে যান। তাতে লেখা ছিলো ভালো ব্যাংক। সেই সঙ্গে তাকে যেন খোঁজা না হয়, সেই অনুরোধও করেছেন।

ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল জেলার। গত বৃহস্পতিবার রাতে তেলেঙ্গানা গ্রামীনা ব্যাংকের একটি শাখায় এই ব্যর্থ চুরির প্রচেষ্টা ঘটে। পরদিন শুক্রবার সকালে কর্মচারীরা এসে ব্যাংক খোলার পর চোরের রেখে যাওয়া বার্তা পান।

চিরকুটে চোর জানিয়েছে, ‘আমার আঙুলের ছাপ পাবেন না। ব্যাংকটি ভালো। একটি রুপিও চুরি করতে পারিনি। কাজেই আমাকে ধরবেন না।’ খবর- টাইমস অফ ইন্ডিয়া’র।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের সমস্ত লকার অক্ষত আছে। পাশাপাশি চোরের রেখে যাওয়া চিরকুটটিও পুলিশকে দেখানো হয়েছে।

চোরের ব্যাংকে প্রবেশ এবং চলাফেরা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ধারণা করছে, ওই চোর মাঞ্চেরিয়াল জেলার কোনো স্থানীয় লোক হতে পারে। পুলিশ জানিয়েছে, চোর মুখোশ পরে এসেছিল, তাই তার চেহারা দেখা যায়নি। তাকে দেখে পেশাদার চোর বলেও মনে হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ।

এদিকে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয় বলেও জানিয়েছে পুলিশ সদস্যরা। তারা বলেন, ব্যাংকটি অল্পের জন্য বেঁচে গেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads