ভারতের উড়িষ্যায় বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু
ভারতের উড়িষ্যা রাজ্যে শনিবার বজ্রপাতে অন্তত ১০ জন মারা গেছেন। প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার মধ্যে বজ্রপাতে রাজ্যটির ছয়টি জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া বজ্রপাতের আহতও হয়েছেন আরও কয়েকজন।
রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বজ্রপাতের কারণে খুরদা জেলায় চারজন, বোলাঙ্গিরে দুইজন এবং আঙ্গুল, বৌধ, জগৎসিংহপুর ও ঢেনকানালে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুরদাতে আরও তিনজন ব্যক্তি বজ্রপাতে আহত হয়েছেন।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী চার দিনের জন্য রাজ্যের বিভিন্ন অংশে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। টুইন সিটি নামে পরিচিত ভুবনেশ্বর এবং কটক শহরে
শনিবার বিকেলে মাত্র ৯০ মিনিটে ১২৬ মিমি ও ৯৫.৮ মিমি বৃষ্টিপাত হয় ।
ভুবনেশ্বরের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক এইচ আর বিশ্বাস বলেছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং আরেকটি ঘূর্ণিঝড় রোববার নাগাদ বঙ্গোপসাগরের উত্তরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি