সব রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে: কংগ্রেস
সনাতনকে নির্মূল করতে হবে বলে তামিলনাড়ুর মুখমন্ত্রীর ছেলে উদয়নিধির মন্তব্যকে ঘিরে বিতর্ক বাড়তেই ভারতীয় কংগ্রেস নেতা ভেনুগোপাল জানিয়েছেন, ‘আমাদের বক্তব্য খুব স্পষ্ট। সব ধর্মকে সম্মান করো কংগ্রেসের আদর্শ। প্রতিটি রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে মত প্রকাশের। আমরা প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করি।’ ।
সনাতন ধর্ম নিয়ে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে ও রাজ্য মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য ঘিরে ভারত জুড়ে চলছে তোলপাড়।
উল্লেখ্য, উদয়নিধির বক্তব্য নিয়ে জোট শরিকের বক্তব্যকে নিয়ে সরাসরি কোনও নিন্দা বা সমালোচনার রাস্তায় তারা যেমন যায়নি, তেমনই দেশের সমস্ত পার্টির বক্তব্যের স্বাধীনতা রয়েছে বলেও মন্তব্য করেছে কংগ্রেস ।
শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী তাঁর টুইটে লিখেছেন, ‘সনাতনীরা দীর্ঘকাল ধরে তাঁদের পরিচয় শেষ করতে আসা অনুপ্রবেশকারীদের আক্রমণ প্রতিহত করেছেন তবুও তাঁরা শুধু বাঁচেননি বরং উন্নতি করেছেন। দেশের ভিত্তি, যা সনাতন ধর্মের সাথে যুক্ত, সমস্ত ধর্ম ও পরিচয়ের অন্তর্ভুক্তিমূলক ছিল। যাঁরা এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন, তাঁরা জানেনই না এটি কী।’
শনিবার চেন্নাইতে এক সভায় তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন একটি মন্তব্য করেছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী উদয়নিধি বলেছেন, ‘'কয়েকটি বিষয়ের বিরোধিতা করা যায় না। সেগুলি শুধুমাত্র ধ্বংস করতে হয়। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের সেগুলিকে ধ্বংস করে দিতে হবে। ঠিক সেভাবেই আমাদের সনাতনকে নির্মূল করতে হবে।’ এরপরই মহারাষ্ট্রের উদ্ধব শিবিরের শিবসেনার তরফে উদয়নিধি পর্ব ঘিরে নাম না করে ক্ষোভ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত মুম্বইয়ে ২৮টি বিজেপি বিরোধীদলের ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিল উদ্ধব শিবিরের শিবসেনা থেকে শুরু করে ডিএমকে। এরপরই শনিবার তামিলনাড়ুর শাসকদল ডিএমকের তরফে এমকে স্ট্যালিনের পুত্র তথা সেরাজ্যের মন্ত্রী উদয়নিধির ওই বিতর্কিত বক্তব্য উঠে আসে।
এদিকে, বিতর্ক ও নিন্দা প্রতিবাদের মুখে তামিলনাড়ুও মন্ত্রী উদয়নিধি নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘বিজেপি আমার মন্তব্যকে টুইস্ট করছে।' তিনি বলেছেন,'সনাতন কি? সনাতন মানে কিছুই পরিবর্তন করা উচিত নয় এবং সবই স্থায়ী। কিন্তু দ্রাবিড় মডেল পরিবর্তনের আহ্বান জানায় এবং সবার সমান হওয়া উচিত। বিজেপি আমার বক্তব্যকে দুমড়ে-মুচড়ে ভুয়া খবর ছড়াচ্ছে, এটা তাদের স্বাভাবিক কাজ।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি