আসিয়ানের বিবৃতিতে একপেশে বলে প্রত্যাখ্যান করল মিয়ানমার
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আসিয়ানের বিবৃতিকে প্রত্যাখ্যান করে বলেছে যে, তাদের বক্তব্য বস্তুনিষ্ঠ নয় এবং তারা একপেশে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট এ বিবৃতি প্রকাশিত হয়।
এর আগে, মঙ্গলবার মিয়ানমারে সহিংসতা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) নেতারা। সহিংসতার জন্য তার সরাসরি দেশটির শাসক জান্তাকে দায়ী করেছেন। আসিয়ান নেতারা মিয়ানমারে শান্তি ফেরাতে সহিংসতা বন্ধে জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন।
শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়া বলেছে, মিয়ানমারের সংকট নিয়ে একটি সর্বসম্মত ৫ দফা শান্তি পরিকল্পনায় সামান্য অগ্রগতি হয়েছে। ২০২১ সালে মিয়ানমারে একটি সামরিক অভ্যুত্থান হয়। নির্বাচিত সরকারপ্রধান অং সান সু চিকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর প্রতিবাদে রক্তক্ষয়ী দমন অভিযান চালানোর পর থেকে মিয়ানমারে সহিংসতা বেড়ে যায়।
আসিয়ান নেতাদের বিবৃতিতে মিয়ানমারে অব্যাহত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তার অবসানে ১৯টি বিষয়ের প্রতি জোর দেওয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা কমাতে বেসামরিক নাগরিক, বাড়িঘর ও স্কুল, হাসপাতাল, বাজারের মতো সরকারি স্থাপনার ওপর হামলা বন্ধ করতে বলা হয়েছে।
মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং জোটের শান্তি প্রস্তাব মেনে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজী না হওয়ায় দেশটিতে শান্তি ফেরাতে আসিয়ানের পক্ষ থেকে দেওয়া পাঁচ দফা প্রস্তাব এখনো আলোর মুখ দেখেনি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, ২০২৬ সালে মিয়ানমারের পরিবর্তে আসিয়ানের সভাপতিত্ব করবে ফিলিপাইন। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেছেন, ম্যানিলা আসিয়ানের সভাপতির পদ নিতে প্রস্তুত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি