গত চারদিনে মিয়ানমারে ৫০ সেনা নিহত
মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় কমপক্ষে ৫০ জান্তা সেনা নিহত হয়েছে। দেশটির জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর (ইএও) যোদ্ধাদের হামলায় সারা দেশে গত চার দিনে এই প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাগুলো ঘটেছে মিয়ানমারের সাগাইং, ম্যাগওয়ে, মান্দালে তানিনথারি অঞ্চল এবং চিন, শান, সোম এবং কারেন রাজ্যে। তবে হতাহতের সংখ্যা যাচাই করা হয়নি।
স্থানীয় সময় বুধবার সাগাইং অঞ্চলের ইয়ানমাবিন টাউনশিপে ৫ সেনা নিহত এবং ৬ জন আহত হয়েছে। ১৮টি প্রতিরোধ গোষ্ঠী নিয়ে গঠিত ইউনিয়ন লিবারেশন ফ্রন্ট (ইউএলএফ) কিয়াউক কোন গ্রামের কাছে ১০০ সৈন্যের একটি সামরিক ইউনিটের সাথে সংঘর্ষে লিপ্ত হলে হতাহতের এই ঘটনা ঘটে। পরে নিকটবর্তী মনিওয়া শহরে অবস্থিত নর্থ ওয়েস্ট মিলিটারি কমান্ডের সদর দপ্তর তাদের স্থল সেনাদের সাহায্য করার জন্য সংঘর্ষের স্থানে হাউইৎজার ব্যবহার করে চারটি দূরপাল্লার গোলা নিক্ষেপ করে। সংঘর্ষে ছয় প্রতিরোধ যোদ্ধা আহত হয়।
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে গত মঙ্গলবার মান্দালয় অঞ্চলের সিন্টগু টাউনশিপের শোয়ে পাই গ্রামের পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ (পিডিএফ)।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বন্দুকযুদ্ধে ওই অঞ্চলের থানার পুলিশ প্রধানসহ তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। মন্ত্রণালয় আরো দাবি করেছে, সোমবার মান্দালয় অঞ্চলে ১৫ জন সেনা নিহত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি