গণতন্ত্র, মানবাধিকারের প্রতি শ্রদ্ধবোধ শান্তিপূর্ণ সমাজের মূলভিত্তি: জাতিসংঘ মহাসচিব 

১৫ সেপ্টেম্বর শ্রক্রবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সাধারণ মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে এবং গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। 

বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি যে শ্রদ্ধবোধ, তা আসলে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজের মূলভিত্তি। সমাজের প্রত্যেক মানুষের মর্যাদা ও অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন ও স্বাধীনতা রক্ষাকবচও গণতন্ত্র ও আইনের শাসন।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘সমাজের প্রতি গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, তা আমরা এই দিবসে উদ্যাপন করছি। একই সঙ্গে বর্তমানের অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি, তা–ও স্বীকার করে নিচ্ছি।’

বিবৃতিতে আন্তোনিও গুতেরেস আরও বলেন, মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে, সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা, সেটাও নষ্ট করে দিচ্ছে এমন মিথ্যা ও অপতথ্য।

এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’। জাতিসংঘের মহাসচিব বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, শিশু ও তরুণদের বক্তব্য যথাযথভাবে নেওয়া হচ্ছে না। শিক্ষা, দক্ষতা ও জীবনের জন্য প্রয়োজনীয় শিখনে বিপুল বিনিয়োগ করে এই তরুণ ও শিশুদের সহযোগিতা করতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, তাদের অবশ্যই মানবাধিকার রক্ষা করতে হবে এবং লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে হবে। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমাদের অবশ্যই প্রতিটি স্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থপূর্ণ অংশগ্রহণ প্রসারিত করতে হবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads