যে দেশে মানুষের থেকে ঘোড়ার সংখ্যা বেশি
মঙ্গোলিয়ায় ঘুরতে গিয়ে এমন দাবিই করেছেন এক ব্লগার। ১৫ লাখ ৬৪ হাজার ১১৬ বর্গ কিলোমিটার ভৌগোলিক এলাকা নিয়ে মঙ্গোলিয়া। ২০২১ সালের জনগণনা অনুসারে, মঙ্গোলিয়ার মোট জনসংখ্যা মাত্র ৩১ লাখ ৯৮ হাজার ৯১৩।
সারা দেশের মোট জনসংখ্যার অর্ধেক বাস করেন রাজধানী উলানবাটরে। জনসংখ্যার নিরিখে তার পরেই রয়েছে উত্তরের ডারহান শহর। বাকি দেশের বহু অংশ মাইলের পর মাইল ফাঁকা।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০০০ মিটার উচ্চতায় রয়েছে মঙ্গোলিয়া। দেশের বেশির ভাগ জমি চাষযোগ্য নয়। মঙ্গোলিয়ার নাগরিকেরা তাই সব্জি বা শস্যের বদলে খাওয়ার জন্য মাংস এবং দুগ্ধজাত খাবারেই বেশি ভরসা করেন। এ দেশের বেশির ভাগ নাগরিকের জীবিকাও পশুপালন। দুধ, দুগ্ধজাত খাবার, মাংস বিক্রি করে সংসার চালান তাঁরা।
মঙ্গোলিয়ার অন্যতম বৈচিত্র্য হল ঘোড়া। সে দেশে প্রায় ৪০ লাখ ঘোড়া রয়েছে। বলা হয়, মঙ্গোল সম্রাট চেঙ্গিস খানকে বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছিল এই দুর্ধর্ষ ঘোড়ার দল।
মঙ্গোলিয়ান ঘোড়ার উচ্চতা কম। কিন্তু বিভিন্ন প্রজাতির ঘোড়ার থেকে এরা জোরে ছোটে। দুর্গম এলাকায় যুদ্ধ বা শিকারে এরা পারদর্শী। দুর্গম এলাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম হল এই ঘোড়া। মঙ্গোলিয়ার ঘোড়া হিমাঙ্কের ৪০ ডিগ্রি সেলসিয়াস নীচে থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতাতেও অনায়াসে মানিয়ে নিতে পারে। না থেমে টানা ১০ কিলোমিটার দৌড়তে পারে মঙ্গোলিয়ার ঘোড়া। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি