ভারতে পাচারের সময় সীমান্তে ২৩ কেজি স্বর্ণ আটক, গ্রেপ্তার ১
ভারতে পাচারের সময় সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। জব্দকৃত এসব স্বর্ণের পরিমাণ ২৩ কেজি। সেগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিএসএফ।
গত সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বাগদা থানার রানঘাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ৬৮ ব্যাটালিয়নের সদস্যরা বিএসএফ সদস্যরা বাইক আরোহী সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ওই ব্যক্তি বাইক ফেলে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে।
বিএসএফ সদস্যরা পরে তল্লাশি করে বাইকের এয়ার ফিল্টার থেকে ৫০টি স্বর্ণের বিস্কুট এবং ১৬টি সোনার বার উদ্ধার করে। আটককৃত ওই পাচারকারীর নাম ইন্দ্রজিৎ পাত্র (২৩)। মাসে ১৫ হাজার রুপির বিনিময়ে সে সোনা চোরাচালান করতো বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে ইন্দ্রজিৎ।
বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা ডিআইজি এ কে আর্য বলেছেন, চোরাচালানকারীরা দরিদ্র ও নিরপরাধ লোকদের অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে। চোরাকারবারিদের দল সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত হয় না।
গত বছর বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তে ১১৪ কেজি সোনা জব্দ করেছিল। আর এই বছর তারা ইতোমধ্যেই ১২০ কেজি সোনা জব্দ করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি