ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষককে পেটালেন অভিভাবকরা
পড়া না পারায় ছাত্রকে লঘু শাস্তি দিয়েছিলেন শিক্ষক। এই ঘটনায় ক্ষুব্ধ হন অভিভাবকরা। স্কুলে ঢুকে শিক্ষককে বেধড়ক মারধর করেন তারা। এ ঘটনায় হতবাক স্কুল কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশের কানপুরের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টির পর পুলিশ তদন্তে নেমেছে।
পড়া না পারায় ছাত্রকে কেবল ওঠবস করিয়েছিলেন ওই শিক্ষক। ছাত্র বাড়িতে গিয়ে সেই কথা অভিভাবকদের জানায়। এর পর স্কুলে হামলা চালান অভিভাবকরা। তারা শিক্ষককে শায়েস্তা করতে অধ্যক্ষের রুমে ঢুকে যান। সেখানেই ছিলেন ওই শিক্ষক। সে সময় অধ্যক্ষ ও অন্য শিক্ষকরা বিষয়টি মিটিয়ে ফেলার আশ্বাস দেন তাদেরকে। তবুও তারা শিক্ষককে ঘিরে ধরে মারধর করেন। তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে পুলিশ খবর দেন ওই বেসরকারি স্কুলের নিরাপত্তারক্ষীরা। যদিও পুলিশ আসার আগেই অভিভাবকরা স্কুল থেকে চলে যান। এরপর স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি বলে জানা গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি