এবার ৪০০ কোটি রুপির দাবি, ইমেইল হুমকি পেয়েই চলেছেন মুকেশ আম্বানি 

এসব হুমকির ইমেইল আসছে অজ্ঞাত পরিচয় লোকদের কাছ থেকে। এই নিয়ে গত চারদিনে তিনবার হুমকি ইমেইল পেলেন ভারতের এই শিল্পপতি! 

সূত্রের খবর, সোমবার রাতে মুকেশ আম্বানির কোম্পানি একটি ইমেইল পেয়েছে। সেই ইমেইলে লেখা, ‘৪০০ কোটি দিন, নয়তো আপনার মৃত্যু হবে!’ ঠিক এমনই ভাষায় আগের দু'টি ইমেইল এসেছিল। তবে প্রথম দু’টি ইমেইলের সঙ্গে তৃতীয় ইমেইলের ফারাক আছে। প্রথম দু'টি ইমেইল পাঠানো হয়েছিল একই আইডি থেকে। তৃতীয় ইমেইল আইডি ভিন্ন। ফলে তৃতীয় ইমেইলের কে পাঠিয়েছে সেটাই খুঁজছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। 

গত ২৭ অক্টোবর রিলায়েন্স কর্তা প্রথম হুমকি ইমেইল পেয়েছিলেন তাতে লেখা ছিল, ‘আপনি যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, আমরা আপনাকে মেরে ফেলব।’ বিষয়টি গামদেবী থানায় জানানো হয়। পুলিশ জানতে পারে সাদাব খান নামে এক ব্যক্তি এই ইমেইল করেছেন। 

অভিযুক্তকে নিজের হেফাজতে নেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুকেশ আম্বানিকে ইমেইল করা হয়। ২০ কোটি নয়, দ্বিতীয় ইমেইলে ২০০ কোটি রুপি দাবি করা হয়। প্রথম ইমেইল প্রেরকের হদিশ পেয়েছে পুলিশ, কিন্তু দ্বিতীয়বার একই আইডি থেকে কে বা কারা ইমেইল করল সেটা এখনও জানা যায়নি। তারমধ্যেই তৃতীয় হুমকি ইমেইল চলে এল ভারতীয় ধনকুবেরের কাছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

মুকেশ আম্বানির সঙ্গে এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। গত বছরই মুকেশ ও তার পরিবারকে ফোন করে হুমকি দেয় রাকেশ কুমার মিশ্র নামে এক ব্যক্তি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads