ছারপোকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে ছারপোকার প্রাদুর্ভাবের পর দেশটির কর্তৃপক্ষ এ পোকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সর্বত্র বাথহাউস, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এবং ট্রেন স্টেশনগুলিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং এসব এলাকায় বিশেষ অভিযান চলছে।
গত অক্টোবর মাসের শেষ থেকে ছারপোকার ত্রিশটি সন্দেহজনক বা নিশ্চিত সংক্রমণের খবর পাওয়ার পর দক্ষিণ কোরিয়া সরকার রক্তচোষা এ কীটপতঙ্গ নির্মূল করার লক্ষ্যে চার সপ্তাহের একটি প্রচারণা ঘোষণা করে।
এর আগে নির্মূল অভিযানের পর দেশটি কার্যত ছারপোকা মুক্ত ছিল, ২০১৪ সাল থেকে কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কউঈঅ) এর কাছে মাত্র নয়টি ছারপোকা সংক্রমণের রিপোর্ট করা হয়।
ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে অনুরূপ প্রাদুর্ভাবে জনসাধারণের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ছারপোকা নিধন করা যায় সে ব্যাপারে নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। সিনেমা হলে যাওয়া বিরত রাখা সহ পাবলিক ট্রান্সপোর্টে দাঁড়ানোর পরামর্শ পর্যন্ত দেওয়া হয়েছে। তবে ছারপোকা নিয়ে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মাঝে ভয় এবং বিভ্রান্তি রয়েছে।
অনেকে পরামর্শ চাইছেন, ‘যদি আমি একটি ছারপোকা দেখতে পাই তাহলে কি আমি সমস্ত ইলেকট্রনিক্স ছুঁড়ে ফেলব, অন্য একজনের প্রশ্ন হচ্ছে, ‘যদি আমি আমার গদির চারপাশে ডবল সাইড টেপ রাখি, তাহলে কি আমার গায়ে ছারপোকা কামড় বসাতে পারবে?
আগামী মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ১৭টি মেট্রোপলিটন শহর, প্রাদেশিক সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছারপোকা সংকট নিয়ে বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি