ভারতে আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস

ব্যাপক সমালোচনার মধ্যেই বিজেপিশাসিত উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল এ সংক্রান্ত তথ্য জানান। এর আগে ফৈজাবাদ ও এলাহাবাদের নাম পরিবর্তন করা হয়েছে। এলাহাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ।

 চলতি সপ্তাহে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বৈঠকে সর্বসম্মতিক্রমে আলিগড়ের নাম পরিবর্তনের এই প্রস্তাব পাস হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল গত মঙ্গলবার বলেন, ‘রোববার বৈঠকের সময় আমাদের কাউন্সিলর সঞ্জয় পন্ডিত আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব করেন। এতে সকল কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানান। প্রস্তাবটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে পাঠানো হবে।’

মেয়রের উদ্ধৃতি দিয়ে শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র বলেছে, ‘আমরা আশা করি, সরকার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে। আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।’ গণমাধ্যমটি বলেছে, আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবটি ২০২১ সালে জেলা পঞ্চায়েত সভায় অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানোর পর সেটি আর এগিয়ে যায়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads