গাজা দখল করতে চাই না, প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধবিরতি: নেতানিয়াহু
গাজার উত্তরাঞ্চলে প্রতিদিন চার ঘণ্টার যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের একথা বলেছেন। গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে যেতে সাধারণ মানুষকে এই সুযোগ দেওয়া হবে। প্রতিদিন তিন ঘন্টা আগেই এই বিরতির সময় জানানো হবে বলে জানান তিনি।
দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ড পুনর্দখল কিংবা অঞ্চলটিকে শাসন করার পরিকল্পনা ইসরায়েলের নেই। বৃহস্পতিবার ফক্স নিউজ ও মার্কিন বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু এমন দাবি করেন।
নেতানিয়াহু আরও বলেন, ‘আমি মনে করি, ইসরায়েলি সেনাবাহিনী অসাধারণ করছে। আমরা গাজাকে শাসন করতে চাই না। আমরা এটি দখল করতে চাই না। তবে আমরা গাজার জন্য এবং আমাদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়তে চাই।’
নেতানিয়াহু মনে করেন, গাজায় একটি বেসামরিক সরকারের প্রয়োজন হতে পারে। তবে গত ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তা ইসরায়েলকে নিশ্চিত করতে হবে।
এর আগে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিচার্ড হেক্ট বলেন, স্থানীয়ভাবে এই বিরতির মানে যুদ্ধবিরতি নয়। তিনি বলেন, গাজায় মানবিক ত্রাণকাজ এবং অধিবাসীদের সরিয়ে নেওয়ার জন্য এই বিরতি দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, জিম্মিদের মুক্তির জন্য তিনি এখনো দীর্ঘ বিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতে তিন দিনের বিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চুক্তির ঘোষণা দেওয়া হয়নি।
বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, চার ঘণ্টা খুবই কম সময়। তারা যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আবারও দীর্ঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, কোনো ধরনের মানবিক বিরতির সুফল পেতে জাতিসংঘের সহযোগিতা নেওয়া প্রয়োজন। আর এতে সংঘাতে লিপ্ত সব পক্ষের সম্মতি দরকার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি