তেল আবিবে হামাসের রকেট হামলা, কয়েজন আহত

ইসরায়েলের রাজধানী তেল আবিব শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। মঙ্গলবারের এই হামলায় তেল আবিবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। 

ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, গাজা থেকে তেল আবিবের বিভিন্ন এলাকা লক্ষ্য করে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করা হয়েছে । ৪০ বছর বয়সী এক আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। রকেটের ধাতব খন্ডের আঘাতে তিনি আহত হন।

অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেল আবিব ব্যস্ত এক ফুটপাতে রকেটের বড় একটি খাতব খন্ড পড়ে আছে। আরেকটি ভিডিওতে তেল আবিবের একটি স্কুলের পাশের পার্কে ধ্বংসাবশেষ দেখা যায়। এ সময় সেখানে ধোঁয়া উড়ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, গাজা থেকে তেল আবিবে একযোগে প্রায় ১৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব শহরের কেন্দ্র ও এর আশপাশের কয়েকটি শহরেও রকেট হামলা হয়েছে। এ সময় বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয়।

এদিকে, লেবানন সীমান্ত লাগোয়া ইসরায়েলের উত্তরাঞ্চলেও কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের কয়েকটি বসতি লক্ষ্য এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। ওই দিন গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৬২৪৮ জন ফিলিস্তিনি যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী। অন্যদিকে হামাস যোদ্ধাদের হামলায় ৭ অক্টোবর ইসরায়েলে নিহত হন ১ হাজার ২০০ জন এবং জিম্মি হিসেবে আটক হন ২৪২ জন।

Walton Ads