পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পশ্চিম তীরে চরমপন্থি ইহুদী বসতি স্থাপনকারীদের সহিংসতায় ইইউ উদ্বিগ্ন বলেও জানিয়েছে ব্লকটি।

মূলত সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করার ঘোষণা দেওয়ার পর ইইউয়ের পক্ষ থেকে এমন ভাবনার কথা সামনে এলো।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল বলেছেন, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করবেন তিনি ।

 ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির এই প্রধান কর্মকর্তা সোমবার বলেছেন, পশ্চিম তীরে চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতায় ইইউ উদ্বিগ্ন এবং তারা জেরুজালেমে আরও ১৭০০ আবাসন ইউনিট অনুমোদনের বিষয়ে ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের নিন্দা করেছে। ব্রাসেলস এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে বলেও জানিয়েছেন তিনি।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর গাজায় ইসরায়েলি যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বোরেল সাংবাদিকদের বলেন, ‘পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে আমরা যে ব্যবস্থা নিতে পারি তা গ্রহণ করা শুরু করার সময় এসেছে।’

জাতিসংঘের মতে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ দ্বিগুণেরও বেশি বেড়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর যে আগ্রাসন চলছে তার সঙ্গে পশ্চিম তীরে তাল মিলিয়ে চলা অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ২৭৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে কমপক্ষে ৬৩ জন শিশু। এছাড়া অভিযানে আরও ৩ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads