গাজায় ইসরায়েলকে আরও সতর্ক হতে বললেন বাইডেন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অবিরাম হামলা ও গণহত্যার ৭০তম দিন শুক্রবার (১৫ ডিসেম্বর) চালিয়ে যাচ্ছে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১৮ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর এই আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলি বাহিনীর স্থলযুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে চায় এমন খবরের মধ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার এ আহ্বান জানালেন।
গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এমনটা চান কিনা; এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমি চাই কীভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচানো যায় সে ব্যাপারে তারা মনোযোগী হোক। তবে হামাসকে নির্মূলের কাজ বন্ধ করা যাবে না।’
এদিকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের টাইমলাইন সম্পর্কে বৃহস্পতিবার হোয়াইট হাউস মিশ্র বার্তা পাঠিয়েছে। ইসরায়েলের এক সিনিয়র মন্ত্রী বলেন, যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। হোয়াইট হাউসে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ইসরায়েলিদের নির্দেশ দিচ্ছি না যে, এই যুদ্ধ কতক্ষণ চলবে। এই হুমকি দূর করতে যতক্ষণ প্রয়োজন বলে তারা মনে করবেন তাদেরকে ততক্ষণ সময় দিতে হবে।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের হামাস আল-আকসা তুফান অভিযান চালায়। সেই থেকে ইসরায়েলি আগ্রাসন চলছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি