দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের করাচির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে।
দাউদ ইব্রাহিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
খবরে বলা হয়েছে, করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে দাউদকে। হাসপাতালের যে অংশে তিনি আছেন, সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি। কাউকে কাছেও যেতে দেয়া হচ্ছে না। গত দু’দিন ধরে হাসপাতালে রয়েছেন দাউদ ইব্রাহীম।
৬৮ বছর বয়সী দাউদ হঠাৎ কেন অসুস্থ হয়ে পড়লেন, সামাজিক মাধ্যমে তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তার বয়সজনিত শারীরিক সমস্যা দেখা দিয়েছে কিনা তাও জানা যায়নি। অনেকে বলছেন, দাউদকে বিষপ্রয়োগ করা হয়েছে। সেই কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে এ তথ্য নিশ্চিত করা হয়নি কোনো পক্ষ থেকে। পাকিস্তানি সংবাদমাধ্যমেও বিষপ্রয়োগের তথ্য নিয়ে জল্পনা রয়েছে।
মনে করা হয় যে, ১৯৯৩ সালের ১২ মার্চ ভারতের মুম্বাইয়ে প্রাণঘাতী সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড ছিলেন দাউদ ইব্রাহিম। ওই হামলায় ২৬৭ জন নিহত হয়েছিলেন। এরপর তিনি দুবাই হয়ে পাকিস্তানে আশ্রয় নেন। আইএসআইএর সঙ্গে দাউদের যোগ দেওয়া নিয়ে সরব হয় ভারতীয় নিরাপত্তা সংস্থা পাকিস্তান পাকিস্তান বরাবরই অস্বীকার করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি