ইমরান খান ৩টি আসন থেকে নির্বাচন করবেন: পিটিআই আইনজীবী
বুধবার এ তথ্য জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবীরা। ইমরান খান গত ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার সামগ্রীর তথ্য গোপন করার অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা একটি মামলায় ট্রায়াল আদালতে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে তিন বছরের সাজা ভোগ করছেন। তিনি এখন রয়েছেন আদিয়ালা কারাগারে।
সাজা ভোগের আদেশ কথাটির অর্থ হলো অভিযুক্ত ব্যক্তি পাঁচ বছর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। একই মাসে ইসলামাবাদ হাই কোর্ট ট্রায়াল কোর্টের দেওয়া সাজার আদেশ স্থগিত করেন। কিন্তু অন্যান্য মামলায় তিনি এখনো কারাগারে রয়েছেন।
এ মাসের শুরুর দিকে তোষাখানা মামলাটির বাতিল চেয়ে ইসলামাবাদ হাই কোর্টে তিনি যে আবেদন করেছেন তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
বুধবার সকালে আদিয়ালা কারাগারের সামনে পিটিআই আইনজীবী ব্যারিস্টার আলী জাফর গণমাধ্যমকে বলেন, ইমরান খান সকলের কাছে বার্তা পৌঁছে দিতে বলেছেন যে তিনি পাকিস্তানের অন্তত তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, ইসলামাবাদ হাই কোর্ট তোষাখানা মামলা নিয়ে শিগগিরই রায় দেবেন। তিনি বলেন, ‘যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে গেছে, আমরা আশা করছি, সেহেতু আদালতের রায়ও দ্রুত পাওয়া যাবে এবং সেটা পিটিআইয়ের পক্ষেই যাবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি