নির্বাচনে লড়ছেন নওয়াজ শরিফ, মুখ্যমন্ত্রী পদে চোখ মরিয়মের

পাকিস্তানে আসন্ন নির্বাচনে লড়বেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। অন্যদিকে এই নির্বাচনে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদের ওপর নজর রেখেছেন নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এন-এর অন্যতম শীর্ষ নেতা মরিয়ম নওয়াজ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশটির খাইবার-পাখতুনখাওয়ার মানসেহরা অঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার জামাতা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ সফদার বুধবার জানিয়েছেন। সফদার মানসেহরার বাসিন্দা এবং শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের স্বামী। 

তিনি মিডিয়াকে বলেছেন, ৭৩ বছর বয়সী তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবারের মধ্যে জাতীয় পরিষদের মানসেহরা-তোরঘর আসন থেকে মনোনয়নপত্র জমা দেবেন। মানসেহরা হাজারা বিভাগের অংশ যা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। নওয়াজ শরিফ মানসেহরা ছাড়াও লাহোর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

সফদার মানসেহরাতে ডেপুটি কমিশনারের অফিসের বাইরে সাংবাদিকদের বলেন, ‘নওয়াজ শরিফ এনএ-১৫ (মানসেহরা-২) থেকে প্রার্থী হবেন। তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে জয়ী হয়ে নির্বাচিত প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী হবেন।’ তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে তিনি মনোনয়নপত্র নিয়েছেন এবং বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জমা দিচ্ছেন।

সফদার আরও বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আমির মুকামকে মুখ্যমন্ত্রীর পদের জন্য পিএমএল-এন বেছে নিয়েছে। আর তার স্ত্রী মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে দলের প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সফদার এর আগে এনএ-১৫ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না কারণ তিনি সিনেটর হতে চান। তিনি বলেন, ‘আমি কখনোই সিনেটের মনোনয়নের জন্য দলের প্রস্তাব প্রত্যাখ্যান করব না।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads