১৪৩ এমপিকে বহিস্কারের প্রতিবাদে দিল্লির রাজপথে বিক্ষোভ ইন্ডিয়া জোটের
বৃহস্পতিবার পুরনো পার্লামেন্ট ভবনের মূল প্রবেশপথ থেকে মিছিল শুরু করেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের এমপিরা। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খড়েগ লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শিবসেনা এমপি সঞ্জয় রাউত, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব-সহ বিভিন্ন বিরোধী এমপি ছিলেন ওই মিছিলে।
আনন্দবাজার জানায়, ১৩ ডিসেম্বর পার্লামেন্ট ভবনের নিরাপত্তা লংঘনের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করায় বুধবার পর্যন্ত সাময়িক বহিস্কৃত হন ১৪৩ জন বিরোধী এমপি। হিন্দুস্তানটাইমস জানায়, এদের মধ্যে ৯৭ জন লোকসভার ও ৪৬ জন রাজ্যসভার।
কংগ্রেস সভাপতি খড়েগ জানিয়েছেন, এমপিদের সাসপেন্ড করার প্রতিবাদে শুক্রবার দিল্লির যন্তরমন্তরে অবস্থান ধর্মঘটে বসবেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। তিনি বলেন, ‘এই সাসপেনশন পার্লামেন্টারী রীতি পরিপন্থী এবং বেআইনি।’ পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে অভিযুক্ত করে খড়েগ বলেন, ‘প্রধানমন্ত্রী চান না পার্লামেন্ট অধিবেশন সুষ্ঠুভাবে চলুক। তাই উনি পার্লামেন্ট অধিবেশন চালাকালীন আহমেদাবাদে, বারাণসীতে বিভিন্ন মন্তব্য করছেন, কিন্তু এক বারও পার্লামেন্টে এসে কিছু বলছেন না।’
এনডিটিভি জানায়, বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপণে জানিয়েছে, পার্লামেন্ট ভবনের নিরাপত্তায় দিল্লি পুলিশের পরিবর্তে এখন থেকে কেন্দ্রীয় ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) দায়িত্ব পালন করবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি