দেউলিয়া হতে চান ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি

১৫ কোটি ডলার জরিমানা এড়াতে ‘দেউলিয়া’ হতে চান ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউইয়র্কের মেয়র রুডি জুলিয়ানি। দেউলিয়া হওয়ার আবেদন করেছেন তিনি। জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীকে মানহানি করার দায়ে তাকে প্রায় ১৫ কোটি ডলার জরিমানা করেছিলেন দেশটির একটি আদালত। এর ঠিক কয়েকদিন পরই এই জরিমানা এড়াতে দেওলিয়া হওয়ার আবেদন করেছেন তিনি। 

জুলিয়ানি ট্রাম্পের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য জর্জিয়ার দুই সাবেক নির্বাচন কর্মীর বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ করেছিলেন।

নির্বাচনের ফলাফলকে পাল্টে দেওয়ার জন্য ট্রাম্পের আইনি প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন জুলিয়ানি। তিনি দুই নির্বাচন কর্মী রুবি ফ্রিম্যান এবং তার মেয়ে ওয়ান্ড্রিয়া শায়ে মসের একটি ভিডিও পোস্ট করে তাদের বিরুদ্ধে ব্যালট-গণনার সময় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগ আনেন এবং তাদের সম্পর্কে আরও অনেক ভিত্তিহীন দাবিও করেন। তার এ দাবি আদালতে মিথ্যা প্রমাণিত হলে অপবাদ দিয়ে মানহানি করার দায়ে তাকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন আটজনের এক ফেডারেল জুরি।

এর ঠিক কয়েকদিন পরই নিউইয়র্কের ইউএস ব্যাংকরাপ্সি কোর্টে দেউলিয়া হওয়ার আবেদন করেন জুলিয়ানি। আবেদনপত্রে তিনি বলেন, তার ১০ থেকে ৫০ কোটি ডলারে ঋণের বোঝা রয়েছে যেখানে তার সম্পদের পরিমাণ মাত্র দশ লাখ থেকে এক কোটি ডলারের সমান।

জুলিয়ানির মুখপাত্র টেড গুডম্যান বলেছেন, দেউলিয়া হওয়ার আবেদন তাকে ১৪ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ জরিমানার বিষয়ে আপিল করার এবং অন্যান্য ঋণদাতাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করার সময় দেবে।

গুডম্যান আরও বলেছেন, ‘মেয়র রুডি জুলিয়ানি এত বড় জরিমানার অর্থ প্রদান করতে সক্ষম হবেন কোন ব্যক্তিই যুক্তিসঙ্গতভাবে তা বিশ্বাস করতে পারেনি।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads