‘আমাদের ঘরে খাবার নেই, ব্যবসা বন্ধ হওয়ার পথে’
গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরায়েলের রিজার্ভ সেনারা নেসেট ফিন্যান্স কমিটির পার্লামেন্ট সদস্যদের কাছে খেদোক্তি প্রকাশ করে বলেছেন, তারা সরকারের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছেন না। গাজায় কয়েকদিন আগেও যুদ্ধ করেছেন এমন একজন হলো লিওর মোশায়েভ। তিনি পার্লামেন্টকে বলেন, তার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মোশায়েভ বলেন, ‘আমার পরিস্থিতি সংকটাপন্ন। প্রতিদিন ঘর থেকে বের হই, জানিনা দিনটি কেমন যাবে। অর্থের অভাবে মেয়ের খাবার আনতে ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারছি না।’ তিনি বলেন, ‘আমি একটি টাকাও পাইনি। আমার ঘরের রিফ্রিজারেটর খালি। আমার মাথার উপর দিয়ে গুলি চলে যাচ্ছে। আপনাদের রক্ষার জন্য আমরা জীবনবাজী ধরেছি। এখানে এমন কেউ কি আছেন, যাদের রিফ্রিজারেটর খালি, কে আছেন এখানে যিনি বেতন পাননি?’
তিনি বলেন, ‘আমরা দ্বিতীয়বার চিন্তা করিনি। ৭ অক্টোবরই আমার আমাদের সব কিছু ত্যাগ করেছি। আমরা পরিবার, ব্যবসা ছেড়ে গাজায় যুদ্ধে চলে গেছি। আমার ভাই গেছে উত্তর গাজায়।’ কর প্রতিনিধিদের একজনের মাধ্যমে যখন তার কাছে জানতে চাওয়া হয়, তিনি ক্ষতিপূরণের আবেদন করেননি কেন? তিনি উল্লেখ করেন, তাদেরকে গাজায় সেলফোন নিয়ে যেতে দেওয়া হয়নি।
কর্মকর্তারা স্বীকার করেছেন, রিজার্ভ সেনারা সহায়তা করতে এসে বেকায়দায়ই পড়েছেন। তাদের পরিবার-পরিজনরা ব্যবসা টিকিয়ে রাখতে সহায়তা চাইছেন। এসব পরিবারের কেউ কেউ একেবারেই একা। তাদেরকে ছেলেমেয়েদের দেখাশোনা করতে হচ্ছে। গত আড়াই মাস থেকে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল ও কিন্টারগার্ডেন বন্ধ রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি