মধ্যপ্রাচ্যজুড়ে গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, ইসরায়েল বর্তমানে বহুমুখী যুদ্ধে লিপ্ত রয়েছে। একই সঙ্গে গাজা যুদ্ধ ঘিরে বিপজ্জনক আঞ্চলিক উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার দেশটির সংসদ নেসেটে দেওয়া ভাষণে গ্যালান্ত বলেছেন, ইসরায়েল সাতটি ফ্রন্ট থেকে হামলার শিকার হচ্ছে। এসব ফ্রন্ট হলো গাজা, লেবানন, সিরিয়া, জুডিয়া ও সামারিয়া (পশ্চিম তীরের ইসরায়েলি নাম), ইরাক, ইয়েমেন এবং ইরান। আমরা ইতিমধ্যে ছয়টি ফ্রন্টে পাল্টা হামলা চালিয়েছি ও ব্যবস্থা নিয়েছি।

সীমান্ত পেরিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ওই হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। দুই মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা। এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত ও  ৫৪ হাজার আহত হয়েছেন। 

গাজার যুদ্ধ ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়ার নতুন ইঙ্গিত পাওয়া গেছে গ্যালান্তের মঙ্গলবারের মন্তব্যে। আগের দিন মিসর জানায়, লোহিত সাগরের তীরবর্তী রিসোর্ট শহর দাহাবের কাছে একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। গত এক মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয় ড্রোন হামলার ঘটনা এটি। এই ড্রোনের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল ও মার্কিন সব জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে প্রায় প্রত্যেকদিনই হামলা চালাচ্ছে। হুথিরা ইসরায়েলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ এক জেনারেল নিহত হওয়ার একদিন পর মিসরের দাহাবে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলকে এই অপরাধের মাশুল গুণতে হবে।

ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তর ইরাকের ইরবিল শহরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে কাতাইব হিজবুল্লাহর হামলায় আমেরিকান তিন সৈন্য আহত হওয়ার পর ওই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের সরকার।

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলের সীমান্তের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও গোলাবর্ষণ করছে। জবাবে লেবাননের সীমান্ত এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads