গাজায় নিহত প্রায় ২২ হাজার, শিক্ষার্থী ৪০৩৭
আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচার হামলায় নিহত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনির মধ্যে ১৫ হাজার শিশু এবং চার হাজারেরও বেশি শিক্ষার্থী।
বুধবার (২৭ ডিসেম্বর) ছিল গাজায় ইসরায়েলি হামলার ৮২তম দিন। গাজার হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এদিন হতাহতের নতুন এ পরিসংখ্যান প্রকাশ করে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেন, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫৫ হাজার ২৪৩ জন।
যুদ্ধবিরতি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গাজায় হামলা আগের চেয়েও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দিয়ে মধ্য ও দক্ষিণ গাজায় হামলার তীব্রতর করেছে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২৫ জন।
গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৭ শিক্ষার্থী নিহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০৯ জন কর্মীও নিহত হন। আহত হয়েছেন ৭ হাজার ২৫৯ শিক্ষার্থী ও ৬১৯ শিক্ষক।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট কয়েকটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় ৩৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার মধ্য গাজায় স্থল অভিযান প্রসারিত করেছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি কেন্দ্রীয় গাজা ও খান ইউনিস ছেড়ে পালিয়ে গেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি