ইডির চার্জশিটে এবার প্রিয়ঙ্কার নাম, কাঠগড়ায় পুরো গান্ধী পরিবার

মা সোনিয়া এবং দাদা রাহুলের বিরুদ্ধে আগেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সাবেক দুই কংগ্রেস সভাপতিকে কয়েক দফা জেরাও করেছেন তদন্তকারীরা। এবার জমি কেনাবেচায় বেআইনি লেনদেনে দুর্নীতির মামলায় চার্জশিটে নাম উঠল সোনিয়া কন্যা প্রিয়ঙ্কারও। ফলে গোটা গান্ধী পরিবারই এখন ইডির কাঠগড়ায়। 
 
প্রিয়ঙ্কার স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে কয়েক বছর ধরেই ইডি তদন্ত চালাচ্ছে। হরিয়ানায় জমি কেনা নিয়ে বেআইনি উপায়ে অর্থ লেনদেন এবং এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে রবার্টের বিরুদ্ধে নভেম্বর মাসে অতিরিক্তি চার্জশিট পেশ করেছে ইডি। সেই মামলাতেই ইডি প্রিয়ঙ্কার নামও জুড়ে দিয়েছে। চার্জশিটে বলা হয়েছে, হরিয়ানায় প্রিয়ঙ্কার নামেও চার একর জমি কেনা হয়েছিল। সেই কেনাবেচাতেও বেআইনিভাবে অর্থ লেনদেন হয়েছে।

প্রিয়ঙ্কার বিরুদ্ধে ইডির অভিযোগ কতটা গুরুতর তা ইডির প্রেস রিলিজ থেকে স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহল মনে করছে, অভিযোগ ছোট বা বড় যাই হোক না কেন, এর রাজনৈতিক অভিঘাত গান্ধী পরিবারের জন্য বিড়ম্বনার কারণ হতে পারে যা কংগ্রেসের বিপদ বাড়িয়ে তুলবে।
 
ইতোমধ্যেই কংগ্রেসের একদা মুখপাত্র ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি নিয়ে বেআইনি লেনদেনের অভিযোগে সোনিয়া ও রাহুলকে দফায় দফায় জেরা করেছে ইডি। গত মাসে ন্যাশনাল হেরাল্ডের সাড়ে সাতশো কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে তদন্তকারী সংস্থাটি।
 
জমির মামলায় রবার্টকেও একাধিকবার তলব করে ইডি। স্বামী, মা ও দাদাকে এতদিন প্রিয়ঙ্কাই গাড়ি চালিয়ে ইডি অফিসে দিয়ে এসেছেন। এবার চার্জশিটে নাম থাকায় যে কোনও দিন তাকেও তলব করতে পারে তদন্তকারী সংস্থাটি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads