পুরনো কাগজ বেচে ভারত সরকারের আয় ১হাজার ১৬৩ কোটি রুপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের কোষাগার ভরে উঠেছে হাজার কোটিরও বেশি অর্থে। যাকে বলে একেবারে লক্ষ্মী প্রাপ্তি। 

সরকারি তথ্যে বলা হয়েছে, ২০২১ সালের অক্টোবর মাস থেকে পুরনো কাগজপত্র, নথিপত্র, ফাইল, পুরনো যন্ত্রপাতি, ফার্নিচার ইত্যাদি ‘স্ক্র্যাপ’ বিক্রি করে প্রায় ১,১৬৩ কোটি রুপি আয় হয়েছে সরকারের! সরকার এখন ই-ফাইলের উপর বেশি জোর দিচ্ছে। অর্থাৎ, সব কিছুরই ডিজিটালাইজেশন হচ্ছে। তাই কাগজের ফাইলের প্রয়োজন ফুরিয়েছে। সরকারি সূত্র বলছে, গত দুবছরে প্রায় ৯৬ লাখ কাগজের ফাইল জমে ছিল। সেসব বিক্রি করা হয়েছে। এর ফলে অফিসগুলিতে প্রায় ৩৫৫ লাখ বর্গফুট জায়গা খালি হয়েছে। একদিকে এই ফাইলগুলি বিক্রি করে কোষাগারে অর্থ এসেছে, আবার এই ফাঁকা হওয়া জায়গাগুলি অন্যান্য কাজে লাগানো গিয়েছে।

চলতি বছরে প্রায় ২৪ লাখ কাগজের ফাইল বাতিল হয়েছে বলে জানা গেছে। এই বছরেই বাতিল কাগজ বেচে আয় হয়েছে ৫৫৬ কোটি রুপি । শুধু রেলওয়ে মন্ত্রণালয়ই ভাঙাচোরা বিক্রি করে ২২৫ কোটি রুপি রোজগার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পিছিয়ে নেই। তারা ও ভাঙাচোরা বিক্রি করে ১৬৮ কোটি রুপি পেয়েছে। আবার পেট্রোলিয়াম মন্ত্রণালয় পেয়েছে ৫৬ কোটি রুপি। একই কারণে কয়লা মন্ত্রণালয় পেয়েছে ৩৪ কোটি রুপি। তাছাড়া বাকি মন্ত্রণালয়গুলি থেকেও কোটি কোটি আয় হয়েছে পুরনো জিনিস বাতিল করেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads