মণিপুরে নতুন সহিংসতায় নিহত ৪, কারফিউ জারি ৫ জেলায়
আহত হয়েছেন আরো কয়েকজন। রাজ্যটির থৌবল জেলায় একদল দুষ্কৃতকারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অস্ত্রধারী কারা, তা অবশ্য শনাক্ত করা যায়নি। হামলার পর অস্ত্রধারীদের ব্যবহার করা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ অধিবাসীরা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থোবাল জেলার লিলং এলাকায় অপরিচিত কয়েকজন অস্ত্রধারী লোক একজনের সঙ্গে কথা বলছিল। একসময় তাদের মধ্যে সংঘাত বেধে যায়। একটু পরেই তারা গুলি ছুড়তে শুরু করে। পুলিশ জানিয়েছে, এতে চারজন নিহত হলেও তাদের মরদেহ উদ্ধার করা যায়নি। স্থানীয়রা বলেছেন, তারা বেসামরিক লোকদের লক্ষ্য করেও গুলি ছুঁড়েন।
এই ঘটনার পর থোবাল ও ইম্ফলের পশ্চিম জেলাগুলোতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন বছরের শেষ দিন উপলক্ষ্যে কারফিউ কিছুটা শিথিল করা হয়েছিল। এখন আবার পুরোপুরি আরোপ করা হয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংস ঘটনার নিন্দা জানান। তিনি শান্তি বজায় রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় বীরেন সিং বলেন, ‘নিরীহ মানুষের এই প্রাণহানিতে আমি গভীরভাবে অনুশোচনা জানাচ্ছি। দুষ্কৃতকারীদের ধরতে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি। আমি অনুরোধ করছি, দুষ্কৃতকারীদের ধরতে সরকারকে সহযোগিতা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সরকার আইন মেনে ন্যায়বিচারের জন্য সম্ভাব্য সবকিছু করবে।’
এর তিনদিন আগে এই মণিপুরের মোরে শহরে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে পুলিশের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি