পাকিস্তানে ইমরান খানের দল পিটিআইয়ের ৯০ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল

পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের (পিটিআই) নেতা ইমরান খানের মনোনয়ন বাতিল করেছেন। একইসঙ্গে দলটির অধিক সংখ্যক প্রার্থীরই মনোনয়ন বাতিল করা হয়েছে। ইমরান খানের একটি দুর্নীতি মামলায় সাজা পাওয়াকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। কিন্তু ইমরান খানের সাজা স্থগিত উচ্চাদালত এবং আপিল পর্যায়ে রয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সব মিলিয়ে ইমরান খানের দলের ৯০ শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ গত সপ্তাহে ইমরান খানের জন্য মনোনয়নপত্র জমা দেয়। তবে সেই মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ইমরান খানসহ পিটিআইয়ের প্রায় সব জাতীয় ও প্রাদেশিক নেতাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেছেন, তাদের দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই কারণেই তাদের বাধা দিতে একটি এজেন্ডার অংশ হিসাবে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই পিটিআই রাজনৈতিক মাঠ ছাড়বে না এবং নির্বাচন বয়কট করবে না।

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক হাসান আসকারি জানান, একটি দলের বিরুদ্ধে এই ধরনের ব্যাপক পদক্ষেপ পাকিস্তানে নজিরবিহীন। তিনি বলেন, ‘দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগেও এত বড় পরিসরে নির্বাচনি প্রক্রিয়া থেকে বাদ পড়েছে।’ তিনি আরও জানান, ক্ষমতায় থাকা রাজনৈতিক দল যে কোনোভাবে ইমরান খানের দলকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতে চাইছে।

আগামী ২৩ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করার কথা রয়েছে। পিটিআইয়ের মুখপাত্র হাসান বলেছেন, আমরা নির্বাচনি লড়াই থেকে পিছু হটব না। প্রতিটি নির্বাচনি এলাকায় এই সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করব। আমরা সমস্ত সাংবিধানিক, আইনি এবং রাজনৈতিক বিকল্পগুলো ব্যবহার করব।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads