লোহিত সাগরে জাহাজে ড্রোন বোট হামলা হুথিদের
আন্তর্জাতিক মহলের চূড়ান্ত সতর্কবার্তা পেয়েও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি আনসারুল্লা বাহিনী। বৃহস্পতিবারই বিস্ফোরক বোঝাই একটি নৌকা পাঠিয়ে বাণিজ্যতরীতে হামলার ছক কষেছিল তারা। তবে বিস্ফোরণ ঘটে গেলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছে মার্কিন নৌসেনা।
বুধবারই হুথিদের জন্য শেষবারের জন্য সতর্কবার্তা প্রকাশ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ১২টি দেশ। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হুথিরা যদি আক্রমণ না থামায় তাহলে ফল ভুগতে হবে। যদিও হুথিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তার বিস্তারিত কিছুই বলা হয়নি।
আন্তর্জাতিক মহলের সতর্কবার্তাকে কার্যত উড়িয়ে দিয়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে হুথিরা। মার্কিন নৌসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার লোহিত সাগরে প্রায় ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে হুথিদের ড্রোন বোট। তার পরে মাঝ সমুদ্রে গিয়ে বিস্ফোরণ ঘটায় নৌকাটি। হুথিদের ড্রোন বোট থেকে মাত্র ২ মাইল দূরেই ছিল মার্কিন নৌসেনার নৌকা ও বাণিজ্যতরী। এই এলাকা দিয়েই যাতায়াত করে প্রচুর বাণিজ্যিক জাহাজ।
হুথিরা আগেই ঘোষণা দিয়েছে গাজায় ফিলিস্তিনীদের সমর্থনে এই হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। ইজরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে হামলা বেড়েছে। বেছে বেছে ইসরায়েলপন্থী দেশগুলোর জাহাজে হামলার ঘটনা তাৎপর্যপূর্ণ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি