চীন থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

চীনে তৈরি জে-৩১ ‘স্টিলথ’ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এফ-৩৫ এবং এফ-২২ বিমানের অনুলিপি। আর সেই যুদ্ধবিমান পাকিস্তানের হাতে এলে তা এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসাবে পাকিস্তানের হাতে রয়েছে এফ-১৬। তবে চীনের জে-৩১ হাতে আসার পর সেই যুদ্ধবিমান এফ-১৬-কে প্রতিস্থাপন করতে পারে। গণমাধ্যম ‘দ্য প্রিন্ট’-কে তেমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র।

সপ্তাহের শুরুতে, পাকিস্তানের গণমাধ্যমগুলো পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবরকে উদ্ধৃত করে জানিয়েছিল যে, জে-৩১ কেনার বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে পাকিস্তান।

বাবর বলেছেন, ‘জে-৩১ কেনা নিয়ে চীনের সঙ্গে কথাবার্তা চলছে। এই যুদ্ধবিমান অদূর ভবিষ্যতে পাকিস্তান বিমানবাহিনীর অংশ হতে প্রস্তুত।’

পাকিস্তান বিমানবাহিনীর হাতে বর্তমানে চীনের দু’টি যুদ্ধবিমান রয়েছে। যার মধ্যে একটি জেএফ-১৭, যা সামরিক মহলে ‘থান্ডার’ নামেও পরিচিত। তবে এই বিমান তৈরিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছিল পাকিস্তানও। ২০২১ সালে নাইজেরিয়াও চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছিল।

৫০টি জেএফ-১৭ যুদ্ধবিমান ছাড়াও পাকিস্তানের কাছে ২৫টি জে-১০সি ‘ভিগোরাস ড্রাগন’ যুদ্ধবিমান রয়েছে। তবে চীনের কাছ থেকে নতুন করে জে-৩১ কেনাকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন সামরিক বিশেষজ্ঞেরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads