মোদিকে নিয়ে বিরূপ মন্তব্য, বরখাস্ত হলেন মালদ্বীপের ৩ মন্ত্রী

ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট দেন মালদ্বীপের তিন মন্ত্রী। মন্ত্রীরা হলেন, মরিয়াম শিউনা, মালশা শরিফ ও মাহজোম মাজিদ। এই পোস্ট নিয়ে ভারতে এবং খোদ মালদ্বীপেও ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল।

মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী ভারতকে ‘অবমাননা’ করে দেওয়া কিছু পোস্টের বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, এখন তাদের বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফর করেন। এরপর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়, যা ভাইরাল হয়। ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

এরপর বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা ‘কড়া ভাষায়’ ওই মন্ত্রীদের বক্তব্যের নিন্দা জানান। মালদ্বীপ সরকার প্রথম দিকে বিষয়টি থেকে নিজেদের দূরে রেখেছিল। বলেছিল, ‘ওই বক্তব্য একান্তই তাদের নিজেদের, এই বক্তব্য কোনোভাবেই মালদ্বীপ সরকারের প্রতিনিধিত্ব করে না।’

মালদ্বীপ সরকারের বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে বাক্স্বাধীনতার চর্চা করা উচিত। এবং এমনভাবে কিছু করা উচিত নয়, যাতে ঘৃণা বা নেতিবাচক কিছু ছড়ায়। এমন কিছু করা ঠিক নয়, যা মালদ্বীপ ও তার আন্তর্জাতিক অংশীদারদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে পেছনে ঠেলে দেয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads