রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের আবেদন কমলো ৮৬%

বুধবার প্রকাশিত রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে কানাডার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, দেশটিতে খালিস্তানি সন্ত্রাসী হত্যার বিষয়টিকে কেন্দ্র করে গত বছরের শেষে ভারত থেকে ৪১ জন কানাডীয় কূটনীতিকদের প্রত্যাহারের পর কানাডার জন্য ভারতীয় শিক্ষার্থীদের ইস্যু করা স্টাডি পারমিটের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে। মূলত প্রত্যাহারকৃত কূটনীতিকরাই ভারতীয় শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন।

সরকারি তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত বছরের শেষে ভারতীয়দের জন্য ইস্যু করা স্টাডি পারমিটের সংখ্যা আগের চেয়ে ৮৬% হ্রাস পেয়েছে, যার মাধ্যমে আবেদন সংখ্যা ১০৮,৯৪০ থেকে ১৪,৯১০-এ পৌঁছেছে। বিগত বছরগুলোতে কানাডায় পড়তে যাওয়া আন্তর্জাতিক ছাত্রদের ভারতীয়দের সংখ্যা ছিলো সর্বোচ্চ। ২০২২ সালে দেশটিতে পারমিট পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২২৫,৮৩৫ জন বা ৪১ শতাংশের বেশি শিক্ষার্থীই ভারতীয়। 

হ্রাস পাওয়া শিক্ষার্থী আবেদনের বিষয়ে কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার মনে করেন, ভারতীয়দের জন্য স্টাডি পারমিটের সংখ্যা শীঘ্রই বাড়ার সম্ভাবনা কম। দু’দেশের উত্তেজনাকে কেন্দ্র করে এই সংখ্যার উপর প্রভাব পড়েছে। তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের বর্তমান সম্পর্ক দেশটি থেকে আসা প্রচুর আবেদন প্রক্রিয়ার ক্ষমতাকে অর্ধেক করে দিয়েছে।’

এ বিষয়ে কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কাউন্সিলর সি. গুরুস উব্রামানিয়ান বলেন, কানাডার কিছু প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ছাত্রদের আবাসিক ও পর্যাপ্ত শিক্ষা সুবিধার অভাব ও ‘সাম্প্রতিক অতীতে তৈরি উদ্বেগের কারণে কানাডা ছাড়াও অন্যান্য বিকল্পের দিকে তাকিয়ে আছি আমরা।’

Walton Ads