গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের চাপায় নিহত ৫, আহত ১০

ফিলিস্তিনের গাজা সিটিতে বিমান থেকে ফেলা ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।

হতাহতের ঘটনার সময় সেখানে ছিলেন সাংবাদিক কাদের আল জানুন। তিনি সিএনএনকে বলেন, কয়েকটি বিমান থেকে আল শাতি শিবিরে ত্রাণভর্তি বস্তা পড়তে দেখেছিলেন তিনি। তবে কোন দেশের বিমান থেকে সেগুলো ফেলা হয়, তা তিনি জানেন না। গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগের প্রধান মুহাম্মদ আল শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিএনএনের হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাসুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি পশ্চিম গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে। হামলার পাশাপাশি গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। এমন পরিস্থিতিতে সেখানে বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলছে কয়েকটি দেশ।  

গত ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন নিহত এবং ৭২ হাজার ৪০২ জন আহত হয়েছেন।

Walton Ads