জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু
লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটে গত মঙ্গলবার। মৃত অভিবাসীদের মধ্যে ৮ বছর বয়েসী একটি শিশু রয়েছে। মৃতদের সবাই ইথিওপিয়ার নাগরিক। জিবুতির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়া ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়ে। নৌকাটিতে ৭৭ জন আরোহী ছিলেন। ডয়েচে ভেলে ও লামন্ডের খবরে মৃতের সংখ্যা ২১ বলে উল্লেখ করা হয়েছে।
জিবুতির মৎস্যজীবীরা মঙ্গলবার কয়েকজনকে ডুবে যেতে দেখে উপকূলরক্ষীদের এ ঘটনার ব্যাপারে সতর্ক করেন। পরে উদ্ধারকারীরা এসে ২০ জনেরও বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন।
উদ্ধারের পর জিবুতির উপকূলে গডোরিয়া শহরে নিয়ে যাওয়া জীবিতদের চেহারায় বিপর্যয় এবং ভয় স্পষ্ট ছিল। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম তাদেরকে ইথিওপিয়ায় নিয়ে যায়।
জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইসা ইইয়াহ বলেছেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে আসতে চেয়েছিলেন। কারণ তাদের নিজের দেশের তুলনায় সেখানে জীবন আরও বেশি কষ্টকর ছিল।
স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকেরা প্রায়শই জিবুতি এবং ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং তার বাইরের অন্য অনেক দেশে কর্মসংস্থানের সন্ধানে দেশত্যাগ করে থাকেন।
লোহিত সাগরে আরেকটি নৌকা দুর্ঘটনায় অন্তত ৩৮ ইথিওপিয়ান মারা যাওয়ার দুই সপ্তাহ পর মঙ্গলবারের এই নৌকাডুবি ও অভিবাসীদের প্রাণহানির এই ঘটনা ঘটল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি