পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গত রোববার (২৮ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মূলত ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারেরই আত্মীয়।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে উপ-প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছেন।’
অবশ্য নতুন নিয়োগের পরও ইসহাক দার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন বলে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে।
আনাদোলু জানায়, ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারের অংশ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে দার বর্তমানে সৌদি আরবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে রয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বড় ভাই নওয়াজ শরিফের মেয়ের সঙ্গে ইসহাক দারের ছেলের বিয়ে হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি