রাফাহতে ইসরায়েলের সেনা অভিযান হবে নজিরবিহীন মানবিক বিপর্যয়: জাতিসংঘ
মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস এ আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, ‘তখন কোনও মানবিক পরিকল্পনাই এটিকে প্রতিহত করতে পারবে না।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফাহতে সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর মার্টিন গ্রিফিথস এ মন্তব্য করলেন।
রাফাহতে বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
হামাস যখন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে কায়রো আলোচনায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা করছে, তখন নেতানিয়াহু ‘একটি চুক্তিসহ বা চুক্তি ছাড়াই’ রাফাহ আক্রমণ শুরুর অঙ্গীকার করেছেন।
রাফায় সেনা অভিযান চালানো হলে সেখানে ব্যাপক বেসামরিক নাগরিকের হতাহতের আশঙ্কায় ওয়াশিংটন, অন্যান্য দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এ অভিযান না চালানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, ‘আন্তজাতিক সম্প্রদায় কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে রাফাহকে রক্ষা করার আবেদন করছে। কিন্তু অঞ্চলটি স্থল অভিযানের দোরগোড়ায় রয়েছে।’
মার্টিন গ্রিফিথস আরো বলেছেন, ‘অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখ সমর থেকে বাঁচতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লাখো মানুষের জন্য এই স্থল আক্রমণ আরও বেশি হতাহতের ঘটনা ঘটাবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি