সোনা পাচার চেষ্টার অভিযোগে পদত্যাগ করলেন আফগান কূটনীতিক
দুবাই থেকে বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগ উঠায় শনিবার নিজের পদ থেকে পদত্যাগ করলেন আফগান কূটনৈতিক জাকিয়া ওয়ারদাক।
দুই বছরেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের আফগান কনস্যুলেটে কাজ করছিলেন জাকিয়া ওয়ারদাক।
গত বছরের শেষের দিকে তিনি নয়াদিল্লিতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব সামলেছিলেন। সেই জাকিয়া ওয়ারদাকের থেকেই গত ২৫ এপ্রিল ১৮ কোটি ৬০ লাখ রুপি মূল্যের ২৫ কেজি সোনাসহ উদ্ধার করেছিল ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)!
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে জাকিয়া ওয়ারদাক বলেন, ‘‘আমাকে এবং আমার পরিবারকে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তাতে আমার সম্মানহানি ঘটেছে। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’’
দুবাই থেকে মুম্বাইগামী বিমানে করে ছেলেকে নিয়ে ভারতে আসেন ওই আফগান কূটনীতিক। ডিআরআই কর্মকর্তারা তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করেন। একই সঙ্গে জাকিয়ার দেহও তল্লাশি করা হয়। সেই তল্লাশি চালানোর সময়ই সোনার বার নজরে আসে ডিআরআই কর্মকর্তাদের। জাকিয়া ওই সোনার বার সম্পর্কিত কোনও বৈধ কাগজ দাখিল করতে পারেননি। তার পরই ওই সোনা বাজেয়াপ্ত করা হয় বলে খবর। জাকিয়ার বিরুদ্ধে শুল্ক আইনের অধীনে সোনা পাচার মামালা দায়ের করা হলেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
মুম্বাই বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা-সহ ধরা পড়ার পরেই এই বিষয়ে একাধিক ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হতে হয়েছে বলে জানান জাকিয়া। শনিবার তার জেরেই পদত্যাগ করলেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি