ইসরায়েলে মার্কিন বোমার চালান স্থগিত, তবে সমর্থন অব্যাহত থাকবে: অস্টিন
ফিলিস্তিনের রাফাহতে বড় ধরনের স্থল অভিযান শুরুর মুখে ইসরায়েলের জন্য প্রস্তত আক্রমণাত্মক অস্ত্রের একটি বড় চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বুধবার মার্কিন কংগ্রেসের উপকমিটির সামনে তিনি একথা বলেন।
গাজার সর্বদক্ষিণের শহর রাফাহ’য় ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান শুরু করতে যাচ্ছে এমন উদ্বেগের জের ধরে গত সপ্তাহে দেশটিতে অস্ত্রের একটি চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তার বরাতে এ খবর গণমাধ্যমে প্রকাশ পায়।
জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে হাজার পাউন্ড ওজনের ১ কোটি ৮০ লাখ ৫০০ পাউন্ড ওজনের ২ কোটি ১৭ লাখ বোমা ছিল। ওই কর্মকর্তা বলেন, রাফাহ’য় বেসামরিক লোকজনের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ‘পুরোপুরি বিবেচনায়’ নেয়নি ইসরায়েল। জানা গেছে, অস্ত্রের চালান স্থগিত করার ঘটনায় ইসরায়েল উষ্মা প্রকাশ করেছে।
এ বিষয়ে লয়েড অস্টিন মার্কিন আইনপ্রণেতাদের বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে রাফাহ’য় ইসরায়েলি বাহিনীর অভিযান চালানো ঠিক হবে না। লয়েড অস্টিন আরও বলেন, ‘আমরা কীভাবে স্থগিত হওয়া অস্ত্রের ওই চালানটি এগিয়ে নেওয়া হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সেই সঙ্গে অস্টিন আরও বলেন, ইসরায়েল সরকারের প্রতি মার্কিন প্রশাসনের সমর্থন অব্যাহত থাকার কথাও পুনর্ব্যক্ত করেছেন লয়েড অস্টিন।
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে ১৫ লাখের মতো ফিলিস্তিনি রাফাহ’য় আশ্রয় নিয়েছেন। সেখানে তাঁবু টানিয়ে গাদাগাদি করে অবস্থান করছেন তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি