রাফাহতে দফায় দফায় ইসরায়েলি হামলা, অর্ধ শতাধিক নিহত
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ’য় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল।
এখনো বন্ধ রয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং। গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব কথা জানায়।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং হামাসের যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার ঘোষণা উপেক্ষা করে গত মঙ্গলবার মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। এরপর রাফার পূর্ব ও মধ্যাঞ্চলসহ গাজার বিভিন্ন এলাকা টার্গেট করে দফায় দফায় হামলা চালায় দখলদার সেনারা।
বর্তমানে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে মিসরের রাজধানী কায়রোয় অবস্থান করছে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদল। তবে আলোচনায় সমঝোতার তেমন ইঙ্গিত দেখা যাচ্ছে না বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রাফাহসহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিধ্বস্ত গাজা নগরীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে এক হামলায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আল-আহলি হাসপাতাল এসব কথা জানিয়েছে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য রাফাহর কয়েকটি আবাসিক ভবনে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে এসব ভবনে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণ দল ছুটে গেলেও অব্যাহত গোলাবর্ষণের কারণে আগুন নেভাতে তাদের হিমশিম খেতে হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের সেনারা রাফাহসহ গাজার ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে রাফাহর পূর্বাঞ্চলের কজন হামাস যোদ্ধা নিহত ও তাদের সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিন অংশে ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে হামলা চালাচ্ছে তাদের সেনারা।
ইসরায়েলের হামলার মুখে মরিয়া হয়ে রাফাহ ছাড়ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ ৪৮ ঘণ্টায় ৫০ হাজার বাসিন্দা রাফাহ ছেড়েছেন বলে সিএনএন জানিয়েছে। তাদের অনেকেই দেইর আল-বালাহ এলাকায় তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি