ইসরায়েল পারমাণবিক স্থাপনাকে টার্গেট করলে পারমাণবিক অস্ত্র বানাবে ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর উপদেষ্টা কামাল খাররাজি বলেছেন, ইরানের অস্তিত্বের প্রতি যদি ইসরায়েল হুমকি হয়, তাহলে তার দেশ পারমাণবিক মতবাদ পরিবর্তন করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে। ইরানের পারমাণবিক স্থাপনাকে যদি ইসরায়েল টার্গেট করে তাহলে ইরানের হাতে কোনো বিকল্প থাকবে না।
তিনি বলেন, ইহুদি শাসকরা যদি আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে আমরা আমাদের কর্মসূচি পরিবর্তন করবো। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য। তবে পশ্চিমাদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এমন পরিস্থিতিতে কামাল খারাজি ওই মন্তব্য করলেন।
ইরানের সর্বোচ্চ নেতা একটি ফতোয়ার সাহায্যে পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করে রেখেছেন। বলেছেন, ইসলামে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ বা হারাম। কারণ এধরনের বোমা মানুষ, প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।
২০২১ সালে ইরানের তখনকার গোয়েন্দা বিষয়ক মন্ত্রী বলেন, ইরানের ওপর পশ্চিমাদের চাপের ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ধাবিত হতে পারে। ইরান শতকরা ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরিতে শতকরা প্রায় ৯০ ভাগ খাঁটি ইউরেনিয়াম সমৃদ্ধ হতে হয়। যদি বর্তমান পারমাণবিক পদার্থকে আরও সমৃদ্ধ করা হয়, তাহলে দুটি পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একজন কর্মকর্তা বলেছেন।
কামাল খাররাজি বলেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, পরমাণু বোমা তৈরি এবং মজুদ করা ভুল। এটি ব্যবহার করা হারাম (ধর্মীয়ভাবে নিষিদ্ধ) যদিও আমাদের কাছে পারমাণবিক প্রযুক্তি রয়েছে, ইরান দৃঢ়ভাবে এটি এড়িয়ে গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি