ইসরায়েলি বিমান হামলায় আরেক জিম্মির মৃত্যু
ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন -হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড আরেক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। নাদাভ পোপেলওয়েল নামের এই জিম্মিকে গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতি নিরুম থেকে আটক করেন হামাসের যোদ্ধারা।
ভিডিওটিতে আরবি ও হিব্রু ভাষায় একটি সতর্কতা বার্তা দিয়েছে হামাস। এতে তারা লিখেছে, ‘সময় ফুরিয়ে যাচ্ছে। তোমাদের সরকার মিথ্যা বলছে।’ টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা ভিডিওটিতে ওই জিম্মিকে কথা বলতে দেখা গেছে। ভিডিওটি মাত্র ১১ সেকেন্ডের।
ভিডিওটি প্রকাশের কিছুক্ষণ পর হামাস এক বিবৃতিতে জানায়, এক মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন মার্কিন-ইসরায়েলি নাগরিক নাদাভ পোপেলওয়েল। এরপর তিনি মারা গেছেন।
এর আগে গত ২৭ এপ্রিল হামাস আরেকটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় দুই জিম্মি কেইথ সেইগেল এবং ওমরি মিরান এখনো জীবিত আছে। এরও তিনদিন আগে হার্স গোল্ডবার্গ-পোলিন নামের অপর এক জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস।
তাতে দেখা গিয়েছিল যে, গোল্ডিনের একটি হাতের কব্জি নেই। ওই সময় ধারণা করা হয়েছিল, হামাসের হাত থেকে বাঁচার জন্য গোল্ডিন যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে গ্রেনেড ছোড়া হয়েছিল। এতে তার হাতের কব্জি উড়ে যায়। ইসরায়েলিদের তথ্য অনুযায়ী, হামাসের কাছে এখনো ১২৮ জিম্মি রয়েছে। যাদের মধ্যে ৩৬ জন মারা গেছেন বলে ধারণা করছে তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি