ইসরায়েলি বর্বরতা দায়মুক্তি পেতে পারে না: জাতিসংঘের ত্রাণ প্রধান
দক্ষিণ গাজার রাফা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শিবিরে বিমান হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথ বলেছেন, এ ধরনের বর্বতার দায়মুক্তি চলতে পারে না।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, গাজা থেকে আরেকটি ভয়াবহ আপডেট। গত রাতে(রোববার রাতে) রাফায় ইসরায়েলের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেকে নারী ও শিশু জীবন্ত পুড়ে মারা গেছে।
গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ রয়েছে তা উল্লেখ করে গ্রিফিথস বলেছেন, আমরা এখনও প্রতিবন্ধকতা এবং সক্রিয় লড়াইয়ের কারণে প্রয়োজনীয় মাত্রায় কেরেম শালোম ক্রসিং দিয়ে পণ্য নিতে পারছি না।
গ্রিফিথস বেসামরিক নাগরিকদের রক্ষা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই জাতীয় দায়মুক্তি অব্যাহত থাকতে পারে না। বেসামরিক নাগরিকদের রক্ষা করুন। তাদের নিরাপত্তা খুঁজে পেতে দিন। তাদের সাহায্য পেতে দিন।
গাজা-ভিত্তিক সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, তাল আল-সুলতানে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) লজিস্টিক ঘাঁটির কাছে এই হামলা হয়েছে।
গার্ডিয়ান জানিয়েছে, ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথ ছাড়াও জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান ক্যাথারিন রাসেল বলেছেন, অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া শিশুদের হত্যা ‘অসংবেদনশীল’। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড ইসরায়েলকে ‘পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ’ তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
রোববার রাফায় বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ জন নিহত ও প্রায় ২৫০ জন আহত হন। গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি