অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়ংকর ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে লণ্ডভণ্ড অবস্থা বিরাজ করছে। প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিন লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এ পর্যন্ত ঝড়ের কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনীর ৩৬ জন সদস্য আহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) আঘাত হানার পর আলফ্রেড কিছুটা দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হলেও এখনো দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড ও উত্তর-পূর্ব নিউ সাউথ ওয়েলসজুড়ে ভয়ংকর বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বইছে। নদীগুলোতে পানির স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যা বড় ধরনের বন্যার ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় ইউটিলিটি সংস্থাগুলো জানিয়েছে, কুইন্সল্যান্ডে দুই লাখ ৯৫ হাজার এবং নিউ সাউথ ওয়েলসের ৪২ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যা কুইন্সল্যান্ডের ইতিহাসের অন্যতম বড় বিদ্যুৎ বিপর্যয় বলে উল্লেখ করেছেন রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, পুরো সপ্তাহজুড়ে ভারি বৃষ্টিপাত, তীব্র বাতাস ও আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে, ফলে বড় ধরনের প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ের কারণে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে গেছে বিদ্যুতের লাইন, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকাজ চলছে, তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, সামনের কয়েক দিন আরও দুর্যোগপূর্ণ হতে পারে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

Walton Ads