সিরিয়ায় আবারও রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কয়েক মাস ধরে চলমান সংঘাত এবার ভয়াবহ রূপ নিয়েছে। আলাউয়ি সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে নিরীহ মানুষদের। পরিস্থিতি এমনই ভয়াবহ যে, দেশটির উপকূলীয় অঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুধুমাত্র গত দুই দিনেই ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সরকারি বাহিনীর সদস্য ও ১৪৮ জন আসাদপন্থি যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও অনেক।
সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকেই সহিংসতা থামেনি। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিদ্রোহী গোষ্ঠী ও সুন্নি যোদ্ধারা আলাউয়িদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে। সরকারি বাহিনীও আলাউয়িদের ওপর চরম নিপীড়ন চালাচ্ছে।
গত শুক্রবার (৭ মার্চ) লাতাকিয়া প্রদেশে প্রকাশ্যে ১৬২ জন আলাউয়িকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। লাতাকিয়া ছিল আসাদের শক্ত ঘাঁটি। এখন সেখানে দফায় দফায় অভিযান চালানো হচ্ছে।
গ্রাম ও শহরজুড়ে চলছে ভয়াবহ হত্যাযজ্ঞ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা বাড়িতে ঢুকে একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করছে। শুধু তাই নয়, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হচ্ছে, যাতে বেঁচে যাওয়া মানুষগুলো পালিয়ে যেতে বাধ্য হয়।
আন্তর্জাতিক সম্প্রদায় এখনো নীরব। শুধু ফ্রান্স উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তবে সিরিয়ার নিরপরাধ মানুষদের জন্য আশার আলো এখনো দূরেই রয়ে গেছে।