জার্মান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ করেছে, যেখানে লুফথানজার একটি বিমান প্রায় ১০ মিনিট পাইলট ছাড়াই উড়েছে। গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে।
এয়ারবাস এ৩২১ এই বিমানটি ফ্রাঙ্কফুর্ট থেকে সেভিল যাচ্ছিল, যাত্রী ছিল ১৯৯ জন। ঘটনাকালে ক্যাপ্টেন টয়লেটে গেলে সহ-পাইলট হঠাৎ অচেতন হয়ে পড়েন।
ক্যাপ্টেন ফিরে এসে দেখেন ককপিটের দরজা খুলছে না। ইন্টারকমে কোনো সাড়া না পেয়ে তিনি জরুরি কোড ব্যবহার করেন। ঠিক তখন সহ-পাইলট জ্ঞান ফিরে পেয়ে দরজা খুলে দেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সহ-পাইলটের স্নায়বিক সমস্যা হয়েছিল। তাকে মাদ্রিদে জরুরি অবতরণের পর হাসপাতালে ভর্তি করা হয়।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল। বিমানটি নিরাপদে অবতরণ করতে পারায় যাত্রীরা ভাগ্যবান বলে মন্তব্য করেছেন তারা।
ঘটনার পর সহ-পাইলটের উড্ডয়ন ছাড়পত্র সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। লুফথানজা বলেছে, তারা পাইলটদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া আরও কঠোর করতে কাজ করছে।