যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লন্ডনে বাংলাদেশ সরকারের সাবেক প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের নামে থাকা সম্পদ এই জব্দের আওতায় পড়েছে।
সরকারি নথিপত্রের তথ্য অনুযায়ী, গ্রোসভেনর স্কয়ারের বিলাসবহুল ফ্ল্যাটটি ২০১০ সালে প্রায় ৬.৫ মিলিয়ন পাউন্ডে এবং গ্রেশাম গার্ডেনসের আরেকটি বাড়ি ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়। দুটি সম্পত্তিই এনসিএ’র জব্দ আদেশে অন্তর্ভুক্ত।
গার্ডিয়ানের অনুসন্ধানে দাবি করা হয়েছে, এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে এবং তা তদন্তাধীন। এনসিএ নিশ্চিত করেছে, তারা সিভিল তদন্তের অংশ হিসেবে জব্দের আদেশ পেয়েছে।
দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আলোচিত রাজনৈতিক উপদেষ্টা সালমান এফ রহমান দীর্ঘদিন শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ফিন্যান্সিয়াল টাইমস এর তথ্য অনুসারে, গ্রেশাম গার্ডেন্সের বাড়িটিতে শেখ রেহানা বসবাস করতেন বলে জানা গেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে এনসিএ-র এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, যুক্তরাজ্যের উচিত দ্রুত তদন্ত সম্পন্ন করে সন্দেহভাজন সব সম্পদ আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা।
অন্যদিকে, আহমেদ শায়ান রহমানের এক মুখপাত্র দাবি করেন, তাদের মক্কেল কোনো অনিয়মে জড়িত নন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তিনি এটিকে রাজনৈতিক পরিস্থিতির অংশ হিসেবে বর্ণনা করে যুক্তরাজ্যকে নিরপেক্ষ আচরণের অনুরোধ জানান।